Thu, Oct 28th, 2010 10:40 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষকরা এক সপ্তাহ কর্মবিরতি পালনের পর বৃহস্পতিবার কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। আগামী শনিবার থেকে শিক্ষকরা ক্লাশ-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার ঘোষণা দেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষক সমিতির কার্য নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের হাতে দুই শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় ২৩ অক্টোবর থেকে শিক্ষকরা কর্মবিরতি শুরু করে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসনের কাছ থেকে বিচারের আশ্বাস পেয়ে ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছি।" তবে শিক্ষকদের দাবি বহাল রয়েছে বলে জানান তিনি। উপাচার্য এম আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবার আন্তরিক সহযোগিতার কারণে সমঝোতা হয়েছে।" গত বুধবার তিনি এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, গ্রিণ ফোরাম ও শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। গত ২১ অক্টোবর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের দুই প্রভাষক মো. আলমগীর হোসেন ও মো. সাদেক আলীকে বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা লাঞ্ছিত করেন। এ ঘটনায় শিক্ষকরা দোষী কর্মকর্তাদের বিচার দাবি করে কর্মবিরতি শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তার দোষী ব্যক্তিদের সাময়িক বহিষ্কার এবং একদিনের মধ্যে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদি হয়ে মামলা করার দাবি জানায়। এদিকে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়কসহ তিন সদস্য ব্যক্তিগত সমস্যা দেখিয়ে আজ পদত্যাগ করেছেন। এরা হলেন- তদন্ত কমিটির আহ্বায়ক ইতিহাস বিভাগের অধ্যাপক তালুকদার মো. লোকমান হাকিম, তদন্ত কমিটির সদস্য ফলিত পদার্থ বিভাগের অধ্যাপক নজিবুল হক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মামুনুর রহমান। তবে রেজিস্ট্রার মসলেম উদ্দিন জানান, অধ্যাপক লোকমান হাকিম এর পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। পদত্যাগ কর অপর দুই সদস্যের স্থলে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহীম হোসেনকে মনোনীত করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২২৩৯ ঘ.