Thu, Oct 28th, 2010 10:26 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
গাইবান্ধা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং প্রকল্পের বিস্কুট খেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরো ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বিস্কুট খায়। এরপরই এই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ জানান। মাথা ঘোরা, পেট ব্যথা, বমি বমি ভাবসহ নানা উপসর্গ দেখা দেওয়ায় তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে�ক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল করিম জানান, খালি পেটে উচ্চ আমিষযুক্ত এই বিস্কুট খেয়ে সাময়িক পেট ব্যথা, মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এতে আতংকিত হওয়ার কোন কারণ নেই। তবে পানিসহ খেলে এসব উপসর্গ দেখা দেবে না বলে তিনি জানান। ডা. ফজলুল করিম আরো জানান, বুধবার যারা অসুস্থ হয়েছিলো তারা সবাই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে। বৃহস্পতিবার যে তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয় সেগুলো হলো- গোবিন্দগঞ্জ পুরাতন বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাইয়াগঞ্জ চাঁদপুর আরেফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অসুস্থ শিক্ষার্থীরা হলো- আতিক, মমিন, শ্যামলী, রানা, সুমি, সাগর, নিপা, লাবণী, শরমিন, নূপুর, নয়ন, কাজল, আশা, মনিরা, বেবী, হাবিবা, আহসান, আফরিন, জুঁই, সাথী, সাফিয়া, রেশমা, মামুন, চপল, হারুণ, স্বপ্না, রানা, পিংকী, আরিফুল, সুমি ও রোমা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ সাংবাদিকদের জানান, বুধবারের ঘটনার পর বিস্কুট বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখার নোটিশ দেওয়া সত্ত্বেও গোপনে এসব বিদ্যালয়ে বিস্কুট বিতরণ করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন প্রকল্পের পরিচালক বাবলু কুমার সাহার নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা শিগগিরই গোবিন্দগঞ্জে আসবেন। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াহেদ বলেন, বিস্কুট খেয়ে শিক্ষার্থীরা যত না অসুস্থ হয় তার চেয়ে বেশি অসুস্থ হয় মানসিক ভাবে। এতে আতংকিত হওয়ার কিছু নেই। তিনি আরো জানান, বৃহস্পতিবার কেন বিস্কুট বিতরণ করলো এ জন্য ওই সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে । জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং প্রকল্পের আওতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস (আরডিআরএস) বাংলাদেশ ২০০৮ সাল থেকে গোবিন্দগঞ্জে ২৫৫টি বিদ্যালয়ে বিস্কুট বিতরণ করে আসছে। বুধবার বিস্কুট খেয়ে উপজেলার কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গত বছরের জুনে খাগড়াছড়ি ও বরগুনায় এ ধরনের ঘটনা ঘটেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন