ভোলা
: ভোলা-চরফ্যাশন সড়কের গজারিয়া নামক এলাকায় সোমবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই ২ ছাত্রসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহতরা হলেন কলেজছাত্র মো. সুমন (২০), এসএসসি পরীক্ষার্থী মো. জিয়াদ (১৭) ও হোটেল কর্মচারী ফিরোজ ২৬)।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক মাদ্রাজ পরিবহনের বাসটি পুড়িয়ে ফেলে ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে রেখেছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান ও চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদ বাংলানিউজকে জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চরফ্যাশন থেকে মাদ্রাজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ভোলা আসছিল। পথে বাসটি গজারিয়া নামক এলাকায় বিপরীত দিক থেকে যাওয়া একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান।
পুলিশ কর্মকর্তারা আরও জানান, এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ঘাতক বাসটি আটক করে সেটিতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয় সূত্র জানায়, নিহতদের মধ্যে সুনন ও রিয়াদের বাড়ি লালমোহন উপজেলার গজারিয়া এলাকার ফরাজীবাড়ি এবং ফিরোজের বাড়ি একই এলাকার ব্যাপারিবাড়িতে।

দুপুর ১টা ৪৫ মিনিটে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভোলা-চরফ্যাশন মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।