লালমনিরহাটে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
লালমনিরহাট, ২৯ অক্টোবর (শীর্ষ নিউজ ডটকম): লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন বিএনপি'র প্রচার সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম রফিককে (৪৫) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউপি সদস্য ও মোগলহাট ইউনিয়ন বিএনপি'র প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাতে মোগলহাট থেকে লালমনিরহাট আসার পথে সাখোয়া ব্রিজ এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা তার গতিরোধ রোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে এলাকাবাসী রফিকুল ইসলামকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।(শীর্ষ নিউজ ডটকম/প্রতিনিধি/ডিএইচ/১১.৩০ঘ)
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন