মুন্সীগঞ্জের অবরোধ এলাকা থেকে:
মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে বিমানবন্দর করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা-মাওয়া সড়ক আবারও অবরোধ করে রেখেছে হাজার হাজার জনতা। সকালের দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ১২টার দিকে তা উত্তপ্ত হয়ে ওঠে।
মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার নীমতলী ব্রিজের কাছ থেকে শ্রীনগর থানার হাসাড়া মোড়-ষোলঘর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা রীতিমত রণক্ষেত্রে পরিণত হয়েছে।

উত্তেজিত জনতা হাসারা এলাকায় একটি পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছে। এছাড়া জনতার হাতে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
আড়িয়াল বিল রক্ষা কমিটির ব্যানারে ঢাকা-মাওয়া সড়ক অবরোধের এ কর্মসূচি চলছে। এর আগে গত বৃহস্পতিবার কমিটি এ সড়ক অবরোধের ঘোষণা দেয়।
বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করছে, টিয়ারশেল ছুড়ছে। ছড়্রা গুলিও ব্যবহার করছে পুলিশ। পৌনে ১টা পর্যন্ত কমপক্ষে ২০-২৫জন আহত  হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার সকাল থেকে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে মুন্সিগঞ্জ, কেরাণীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ ও দণিাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ধলেশ্বরী সেতু এলাকা থেকে প্রায় ৮কিলোমিটার রাস্তায় এলাকাবাসী অনড় অবস্থান নিয়েছে।  ফলে অনেক যাত্রীই পড়েছেন দুর্ভোগে।
মুন্সিগঞ্জের হাসারা বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি স্থানে শত শত নারী-পুরুষকে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় দেখা গেছে। নিমতলী, হাসারা ও শ্রীনগরের দোকানপাটও বন্ধ রয়েছে।
আড়িয়াল বিল রক্ষা কমিটির আহবায়ক শাহজাহান বাদলসহ নেতারা অভিযোগ করে জানান, সেখানে বিক্ষোভরত হাজার হাজার জনতাকে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে হটিয়ে দিতে পুলিশ জলকামান ব্যবহার করছে, টিয়ারশেল ও গুলিবর্ষণ শুরু করেছে। এতে নারী-পুরুষসহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২০ জনেরও বেশি বিক্ষোভকারী আহত হয়েছেন।

অপরদিকে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, সকাল ১০টা থেকে বিক্ষোভকারীরা মাওয়া রোড অবরুদ্ধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। সেখানে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা ছাড়াও সাংবাদিকদের ওপর হামলা চালানোসহ সংবাদপত্র লেখা একটি মোটর সাইকেলও আগুনে পুড়িয়ে দেয়।

ওসি আরও বলেন, পুলিশ বারবার মাইকে ঘোষণা দিয়ে জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করলেও লোকজন উল্টো পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় বাধ্য হয়েই পুলিশ বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। রাবার বুলেট ছোঁড়ার ঘটনাও স্বীকার করেন তিনি।
তবে কত রাউন্ড টিয়ারসেল ও গুলিবর্ষণ করা হয়েছে তা তিনি তাৎক্ষণিকভাবে বাংলানিউজকে জানাতে পারেননি।
ঢাকা-মাওয়া সড়কের হাসাড়া নামক স্থানে পৌঁছে দেখা যায়, হাজার হাজার নারী-পুরুষ প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করে লাঠিসোঁটা নিয়ে অনড় অবস্থান নিয়েছে। পুলিশ সেখানে অবরোধ ভেঙ্গে দেওয়ার চেষ্টা করতেই বেঁধে যায় সংঘর্ষ। গুলি ও টিয়ার শেলের শব্দে আশপাশের গ্রামগুলো থেকে আরো শত শত নারী-পুরুষ সংঘর্ষস্থলে আসতে থাকলে পরিস্থিতি ভয়াবহ রুপ নেয়।
সেখানে জনতা ও পুলিশের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। একবার জনতা হটে তো পরক্ষণেই পুলিশ আত্মরক্ষায় পিছিয়ে যায়।
আশপাশের গ্রামের রাস্তাতেও বিক্ষুব্ধ নারী-পুরুষের ভিড়। সবাই ভীষণ উত্তেজিত। হাজারো কন্ঠে একটাই স্লোগান- ‘না না জায়গা দেবো না, বিলের মাটিতে কাউকে দাঁড়াতে দেবো না।’
২০ গ্রামের হাজার ত্রিশেক মানুষের বেশিরভাগ মানুষের কোমরে বাঁধা ছিল কাফনের কাপড়। অপরদিকে মাথায় কাফনের কাপড় বেঁধে মহিলারাও দলে দলে শরিক হচ্ছেন বিক্ষোভে।
তাদের একটাই বক্তব্য, আড়িয়াল বিলের জমির ফসলেই তাদের পরিবার পরিজনের বেঁচে থাকা, বর্ষায় এ বিলের মাছই তাদের আয় উপার্জনের একমাত্র অবলম্বন। কিন্তু বিলের সব জমিসহ আশপাশের প্রায় দুই হাজার একর জায়গা জমি হুকুম দখল করে সেখানে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হলে কয়েক হাজার পরিবারের রাস্তায় বসা ছাড়া কোনো গতি থাকবে না।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেরানীগঞ্জ, নিমতলী, হাসারা ও শ্রীনগর এলাকা এবং ধলেশ্বরী সেতুর উভয় পাড়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।  পুলিশ জুরাইন থেকে মাওয়াগামী পোস্তগোলা সংলগ্ন বুড়িগঙ্গা ব্রিজে কোনো যানবাহন উঠতে দিচ্ছে না ।

দণি কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল বাশার  জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্রিজের আশপাশে ৩ প্লাটুন পুলিশ পাহারা বসানো হয়েছে। সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
এর আগেও আড়িয়াল বিল এলাকায় বিমান বন্দর না করার দাবিতে এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ করে।
উল্লেখ্য, বর্তমান সরকার আড়িয়াল বিল এলাকায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক বিমানবন্দর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এরইমধ্যে জমি অধিগ্রহণের প্রাথমিক কাজও শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১০ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১১