Fri, Oct 29th, 2010 3:45 pm BdST
Dial 2000 from your GP mobile for latest news
ফরিদপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের মধুখালীর চাঁপা রাণী ভৌমিক হত্যামামলার আসামিদের তিন দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আসামিদের কয়েকজন বন্ধু ও স্বজনকে। এদিকে নিহত চাঁপার পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা দেওয়া হয়েছে। শুক্রবার টাকার চেক হস্তান্তর করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান। তিনি হত্যকারীদের গ্রেপ্তার ও তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্র"তি দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মধুখালী উপজেলা সদরে বখাটেদের মটর সাইকেলের ধাক্কায় চাঁপা (৪৮) নিহত হন। চাঁপা নিজের মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দেবাশীষ সাহা রনি (২৪) এবং তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। নিহত চাঁপা ফরিদপুর চিনিকলের বাণিজ্যিক বিভাগের কর্মী ছিলেন। মধুখালী থানার ওসি সৈয়দ মহসিনুল হক শুক্রবার সাংবাদিকদের বলেন, রনির কাকা গোপাল সাহা এবং বন্ধু শোভন ভট্টাচার্য, শ্যামল কুমার সাহা, সাইফুল ইসলাম রাজু এবং আবুল হাসান রকিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদিন আগে রনির সৎ মা প্রমিতা সাহা এবং রনির সহযোগী আলমগীরের মা খোদেজা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পরে ছেড়ে দেয় পুলিশ। শুক্রবার সকাল ১১টায় সংসদ সদস্য আব্দুর রহমান মধুখালীর গাড়াখোলায় চাঁপার বাড়িতে যান। তার সঙ্গে ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। রহমান এক লাখ টাকার চেক চাঁপার স্বামী স্বপন বিশ্বাসের হাতে তুলে দেন। তিনি চাঁপার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, "খুনিরা কোনোভাবেই পার পাবে না।" তিনি বলেন, ইভটিজিং ঠেকাতে শিগগিরই কঠোর আইন করা হবে। উত্ত্যক্তকারীদের রুখতে সামাজিক সংগঠনগুলোকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ইনু। এজন্য স্থানীয় পর্যায়ে বখাটেদের তালিকা তৈরি করে তা পুলিশকে দেওয়ার পরামর্শ দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪৪ ঘ.
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন